পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না?
অনলাইন ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে। তবে এনডিটিভির দাবি, শেষ পর্যন্ত বয়কটের পথ পরিহার করে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল।
আগামী ২রা ফেব্রুয়ারি ভোরে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করার জন্য ইতোমধ্যে পিসিবি তাদের স্কোয়াডের ভ্রমণসূচি চূড়ান্ত করে ফেলেছে। এর ফলে ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কার্যত দূর হয়ে গেল।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিরাপত্তা উদ্বেগ এবং আইসিসির সাথে বিবাদের জেরে পাকিস্তানের বিশ্বকাপ বর্জন করার গুঞ্জন জোরালো হয়েছিল। তবে বোর্ডের ভেতরের একটি সূত্র জানিয়েছে, এ ধরণের আলোচনার কোনো যৌক্তিক ভিত্তি নেই। বিশেষ করে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে করা ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত দুই দেশের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হবে। যেহেতু পাকিস্তানের বিশ্বকাপের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, তাই টুর্নামেন্ট বা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার মতো কোনো যুৎসই কারণ পিসিবির কাছে নেই।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তান ক্রিকেটের স্থিতিশীলতা রক্ষা এবং আইসিসির সাথে সুসম্পর্ক বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য। সরকারের পক্ষ থেকে সবসময়ই বলা হয়েছে যে খেলাধুলার সাথে রাজনীতি মেশানো উচিত নয়, তাই শেষ মুহূর্তে ভারত ম্যাচ বয়কট করা পাকিস্তানের জন্য আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান রক্ষা করা কঠিন করে তুলত। সব মিলিয়ে শুক্রবারের মধ্যেই পিসিবি আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণের কথা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
