পাথরঘাটায় ২২ ঘণ্টা পর নদীতে নিখোঁজ হওয়া জেলের লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে সদর মৎস্য বিভাগের অভিযানের সময় নদীতে পরে নিখোঁজ জেলে মোহাম্মদ রিপনের লাশ ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিষখালী নদীর কালমেঘা টুলু পয়েন্টের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিষখালী নদীর দক্ষিণ কুপধোন এলাকায় বরগুনা জেলা মৎস্য অভিযানের একপর্যায়ে জেলে রিপন বিষখালী নদীতে পরে নিখোঁজ হন। এ ঘটনায় আরও দুই জেলে আহত হয়।
নিহত জেলে রিপন (৪১) উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধোন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জেলেরা হলেন-মো. রাসেল। তিনি একই এলাকার নুরু মোল্লার ছেলে। অপরজন সুলতান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন।

এদিকে, রাত দেড়টার দিকে রিপনের মরদেহ কালমেঘা টুলু পয়েন্টে উদ্ধার করে নিয়ে এলে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এ ঘটনায় জড়িত জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে।

এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, জেলা পরিষদের সদস্য এনামুল হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সূত্র ও আহত দুই জেলে জানান, প্রতিদিনের মতো রিপন, রাসেল ও দেলোয়ার দুটি ট্রলার নিয়ে বিষখালী নদীতে মাছ ধরার জন্য যায়। রাত আড়াইটার দিকে স্পিডবোট নিয়ে বরগুনা সদর উপজেলার মৎস্য বিভাগ অবৈধ খুঁটি অপসারণের জন্য অভিযানে আসে। তখন ওই দুটি ট্রলারকে ধরে সেখানে থাকা জেলেদের মারধর করেন তারা। মারধরের একপর্যায়ে রিপন নদীতে ঝাঁপ দিলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর রাসেল ও দেলোয়ারকে নিয়েই অভিযান চালায় মৎস্য বিভাগ। শুক্রবার সকাল ৯টার দিকে অভিযান শেষে রাসেল ও দেলোয়ারকে তীরে ছেড়ে দেয়।

স্থানীয় যুবলীগ নেতা তাওহীদ দীপু বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনা ফিরে আসা জেলেদের থেকে শুক্রবার সকাল নয়টার পর আমরা জানতে পারি। এরপর থেকেই আমরা নদীতে ভিন্ন ভিন্ন হয়ে খোঁজ করি। এরপর জোয়ার শুরু হলে পুনরায় শুক্রবার রাত ১০টায় একযোগে ২০টি ট্রলারে নিয়ে অনুসন্ধানে নামি। রাত ১২টার দিকে কালমেঘা টুলু পয়েন্টের কাছের একটি বনের ভেতর রিপনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম নাসির জানান, লাশের সন্ধান পাওয়ার পর পাথরঘাটা থানা পুলিশকে জানালে রাত দেড়টার দিকে পুলিশ বিষখালী নদী থেকে লাশ উদ্ধার করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights