পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে উধাও যাত্রী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে কৌশলে পান কিনতে পাঠিয়ে ১৪ বছর বয়সী এক কিশোর ভ্যানচালকের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে গেছে এক যাত্রী। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কিশোর রাজ ও তার স্বজনরা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। হৃদরোগে আক্রান্ত বাবার সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে অল্প বয়সেই লেখাপড়া ছেড়ে ব্যাটারিচালিত ভ্যান চালানো শুরু করে সে।

রাজ জানায়, দুপুরের দিকে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে তার ভ্যান ভাড়া করেন। বিভিন্ন জায়গায় ঘোরানোর পর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে ওই ব্যক্তি তাকে পাশের একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজ পান কিনে ফিরে এসে দেখে যাত্রী ও ভ্যান কোনোটিই সেখানে নেই।

অনেক খোঁজাখুঁজির পরও ভ্যানের কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

রাজের বাবা বাহাদুর বলেন, হৃদরোগের কারণে তিনি কাজ করতে পারেন না। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাদের সংসার চলে রাজের ভ্যান চালানোর আয়ে। স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ভ্যানটি কেনা হয়েছিল। প্রতি সপ্তাহে কিস্তি পরিশোধ করতে হয়। এখন ভ্যান হারিয়ে সংসার চালানো ও ঋণের কিস্তি শোধ করা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভ্যানটি উদ্ধারে এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights