পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫

পাবনা প্রতিনিধি:
পাবনা শহরে যৌথ অভিযান চালিয়ে অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

​গ্রেপ্তারকৃতরা হলো- আফনান আহম্মেদ আবির (২১), রাকিব হাসান (১৯), নাজমুস সাদাত নাফি (১৯), বিশাল শেখ সাদ (২২) এবং সানজিদ হাসান সুপ্ত (১৯)। অন্যদিকে উদ্ধার হওয়া শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) শহরের মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

​পুলিশ জানায়, পারিবারিক অভিমান করে গত ২৩ জুলাই বাড়ি থেকে বের হয়ে যায় ইন্দ্রজিৎ। সন্ধান না পেয়ে ২৯ জুলাই সদর থানায় জিডি করে পরিবার। একই দিন রাতে নিখোঁজ ইন্দ্রজিৎকে খুঁজে পেয়ে বাড়ি ফেরার পথে দিলালপুর বেলতলা এলাকায় তাদের রিকশার গতিরোধ করে একদল দুর্বৃত্ত। তারা ইন্দ্রজিৎকে অপহরণ করে এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
​সংবাদ পেয়ে দ্রুত অভিযানে নামে ডিবি ও সদর থানা পুলিশ। দিলালপুর বেলতলা এলাকার শায়েস্তা খাঁর গলিতে পুলিশ ঘিরে ফেললে অপহরণকারীরা ভিকটিমকে ফেলে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।

​পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা রিতা রাণী দাস রায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights