পাবনায় ফাঁদে আটকা পড়ল গন্ধগোকুল, পরে বনে অবমুক্ত
পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহরে মাছ ধরার ফাঁদে আটকে পড়া বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রাম থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুমারগাড়া গ্রামের যুবক মিলন হোসেন ওই এলাকায় পাতা ‘ধুদি’ (মাছ ধরার এক ধরণের দেশীয় ফাঁদ)-র মধ্যে একটি অদ্ভূত বন্যপ্রাণী দেখতে পান। পরে তিনি ফাঁদ থেকে প্রাণীটিকে সাবধানে উদ্ধার করেন। প্রাণীটি নিশ্চিত হতে তিনি ইউটিউবে খোঁজ নেন এবং প্রাণীটি বিলুপ্তপ্রায় ‘গন্ধগোকুল’ বলে শনাক্ত করেন। বিষয়টি জানার পরপরই মিলন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
সংবাদ পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বাস দ্রুত ঘটনাস্থলে যান। পরবর্তীতে বন বিভাগের সহযোগিতায় তারা প্রাণীটিকে বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের একটি ঘন জঙ্গলে নিরাপদে অবমুক্ত করেন। দুর্লভ এই প্রাণীটিকে এক নজর দেখতে স্থানীয় বহু মানুষ ভিড় জমান।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, গন্ধগোকুল খুবই নিরীহ ও বিলুপ্তপ্রায় নিশাচর প্রাণী। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীটিকে আবার ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
