পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় এক মুক্তিযোদ্ধা নিহত ও আরো চারজন আহত হয়েছেন। রবিবার দুপুরে ফরিদপুর-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কের সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা আকসেদ আলী মন্ডল (৮০) সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামের মৃত নওশের আলীর ছেলে।
এ সড়ক দুর্ঘটনায় আহতরা হলো- একই গ্রামের জহুরুল ইসলাম (৩৫), শাহিদা খাতুন (৩৭), নুর ইসলাম মন্ডল (৬০) ও রতন মোল্লাকে (৩০) ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাঘাবাড়ি-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সাঁথিয়া বড় পাথাইল হাট নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে থাকা মুক্তিযোদ্ধা আকসেদ আলী মন্ডল ঘটনাস্থলেই নিহত ও চারজন আহত হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারর কাছে হস্তান্তর করেছে। জানাযা দাফন শেষে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার কথা রয়েছে। চালক পলাতক রয়েছে, ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
