পাবনার ফরিদপুরে বোমাসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাত বোমা উদ্ধার করা হয়।

শনিবার ভোরে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো: শাকিল, মো: শামীম হোসেন ও মো: হামিদ প্রামাণিকের ছেলে মো: সাদেক হোসেন। তাদের নামে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়। বোমা তিনটি নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে, ইতোমধ্যেই তারা রওনা হয়েছে পাবনার উদ্দেশ্যে। এ বিষয়ে আপাতত আর কোন তথ্য নেই, পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights