পারস্য উপসাগরে আবারও তেলবাহী ট্যাংকার আটক করল ইরান

অনলাইন ডেস্ক

পারস্য উপসাগরে উত্তেজনার মধ্যেই আরও একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানায়, অভিযানের মাধ্যমে প্রায় ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী ট্যাংকারটি জব্দ করা হয়। তাদের দাবি, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল।

সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক জাহাজটিতে ১৬ জন বিদেশি নাবিক ছিলেন। চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ হিসেবেই ট্যাংকারটি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

পারস্য উপসাগরে আইআরজিসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলামশাহি স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, একটি বড় জ্বালানি ট্যাংকারে সন্দেহজনক তৎপরতা নজরে আসার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাংকারটি ছোট ছোট নৌযান থেকে ৪০ লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছিল। এরপর সেগুলো পারস্য উপসাগরের বাইরে অপেক্ষমাণ বড় জাহাজে হস্তান্তরের পরিকল্পনা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights