পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাসান বেপারীর (২৩) বিরুদ্ধে। সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের সৈর্দ্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শ্রাবনী আক্তার (১৯) ওই গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি হেনা বেগম (৪৮) ও বড় ভাসুরের স্ত্রী মিতা আক্তারকে (২০) আটক করেছে। তবে ঘটনার পর স্বামী হাসান বেপারী পলাতক রয়েছে।

মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে শ্রাবনী আক্তারের সাথে একই গ্রামের তারা বেপারীর ছেলে হাসান বেপারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত এক বছর পূর্বে এই প্রেমের সম্পর্ক একপর্যায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্বামী হাসানের বেকারত্ব ও নেশা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী শ্রাবনীর সাথে কলহ চলে আসছিল। এর জেরে সোমবার ভোর পাঁচটার দিকে স্বামী হাসান বেপারী স্ত্রী শ্রাবনীকে মারপিট করে। পরে স্ত্রী শ্রাবনীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শ্রাবনীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকেরহাট একটি বেসরকারি হাসপাতালে আনার পথে শ্রাবনী মারা যায়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও বড় ভাসুরের স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights