পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে মুজারাবানি, আইনি পথে পিসিবি

অনলাইন ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চুক্তি ভেঙে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাওয়ায় সিদ্ধান্তে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জিম্বাবুয়ের ডানহাতি পেসার ব্লেসিং মুজারাবানি ২০২৬ মৌসুমে পিএসএল-এ ইসলামাবাদ ইউনাইটেড–এর হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়িনোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আইপিএল-এর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মুজারাবানি ইতোমধ্যে ইসলামাবাদ কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটিও বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে কলকাতাও এই পেসারকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

জানা গেছে, বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান-এর পরিবর্তে মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা। এবারের আইপিএল নিলামে মুস্তাফিজকে বড় অঙ্কের অর্থে কিনেছিল দলটি। তবে পরে তাকে ছাড়তে বাধ্য হয় তারা। এরপর মুস্তাফিজ যোগ দেন লাহোর কালান্দার্স এ।

এদিকে দুই লিগের সূচি কাছাকাছি হওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। চলতি বছরের পাকিস্তান সুপার লিগ শুরু হবে ২৬ মার্চ, আর তার দুই দিন পর শুরু হওয়ার কথা ভারতীয় প্রিমিয়ার লিগ।

উল্লেখ্য, মুজারাবানি এর আগে মুলতান সুলতানস-এর হয়ে খেলতে গিয়ে শিরোপা জিতেছিলেন। এবারের নিলামে দল না পেলেও পরে সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু শেষ মুহূর্তে আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে পিসিবি। তারা বিষয়টি আইনি পথে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights