পিএসএলে খেলতে আসছেন স্মিথ, স্ট্যালিয়ন্সে সরাসরি সাইনিং

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ খেলবেন পিএসএলের আগামী আসরে। টুর্নামেন্টের নতুন দুই দলের একটি শিয়ালকোট স্ট্যালিয়ন্সে যোগ দিয়েছেন তিনি। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম খেলবেন তিনি। পিএসএলে এবার প্রথম সরাসরি সাইনিং তিনিই।

প্রায় দুই বছর ধরে অস্ট্রেলিয়ার হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন না স্মিথ। বিগ ব্যাশ লিগে এবার দুর্দান্ত পারফরম্যান্সের পর, পিএসএলে যোগ দিচ্ছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। বিগ ব্যাশে রানার্সআপ হওয়া সিডনি সিক্সার্সের হয়ে ৬০ এর একটু কম গড়ে ২৯৯ রান করেন স্মিথ। একটি সেঞ্চুরির পাশে আছে দুটি ফিফটি, স্ট্রাইক রেট ১৬৭.৯৭।

পাকিস্তানি-অস্ট্রেলিয়ান রিয়াল এস্টেট ব্যবসায়ী হামজা মাজেদ চড়া দামে কিনেছেন শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি। গত সপ্তাহে দলটি ঘোষণা করেছে, ২০২৬ আসরে প্রধান কোচ হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। তিনিই স্মিথের খেলার সংবাদ জানিয়েছেন সামাজিক মাধ্যম এক্সে। তিনি লেখেন, সব সময়ের সেরা খেলোয়াড়দের একজন পিএসএল স্ট্যালিয়ন্সে। আমাদের ফ্র্যাঞ্চাইজি ও পিএসএল টি-টোয়েন্টির জন্য বিশাল ব্যাপার।

পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসর আগামী ২৬ মার্চ শুরু হয়ে চলবে ৩ মে পর্যন্ত। এই প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথম সরাসরি নিলাম থেকে দল গোছাবে ফ্রাঞ্চাইজিগুলো। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

প্রতিটি দল ১৬ থেকে ২০ জন খেলোয়াড় নিতে পারবে, এর মধ্যে থাকবে পাঁচ থেকে সাতজন বিদেশি। নিলামে কেনা ও ধরে রাখা খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি হবে দুই বছরের জন্য। প্রতিটি দলের একজন করে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার নিতে হবে, যিনি এখনও পিএসএলে খেলেননি।

নিলামের বাইরে থেকে একজন খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই নতুন নিয়ম কাজে লাগিয়ে স্মিথকে দলে নিয়েছে শিয়ালকোট। প্রতিটি দলের নিলামের সীমা থাকবে ৪৫ কোটি রূপি, যা বাড়ানো যাবে ৫০ কোটি ৫০ লাখ রূপি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights