পিচের কাছে গিয়ে গম্ভীরের দেখার অধিকার আছে : গিল

অনলাইন ডেস্ক
ওভাল টেস্ট শুরুর আগে পিচ পরীক্ষা করতে গিয়ে ভারতের কোচ গৌতম গম্ভীর ও ভেন্যুর কিউরেটর লি ফোর্টিসের মধ্যকার বাকবিতণ্ডা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে গম্ভীরের পক্ষ নিলেন ভারত অধিনায়ক শুভমান গিল।

মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলনের সময় উইকেট পর্যবেক্ষণকে কেন্দ্র করে গম্ভীর ও ফোর্টিসের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিচের কাছে গম্ভীর কিউরেটরের সঙ্গে তর্কে জড়ান।

জানা গেছে, গম্ভীর পিচ পরীক্ষা করতে গেলে তাকে নিষেধ করেন ফোর্টিস। কয়েক ফুট দূর থেকে পিচ দেখতে বলেন তিনি। এতে বেজায় রেগে যান গম্ভীর। এ নিয়ে গম্ভীর ও ফোর্টিসের মধ্যে তর্ক হয়।

এ ঘটনা প্রসঙ্গে গিল বলেন, গতকাল যা ঘটেছে, আমার মতে তা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। এটা প্রথমবার নয় যে, আমরা উইকেট দেখছি, আমরা প্রায় দুই মাস ধরে এখানে আছি। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার আছে। আমি মনে করি না এতে কোনো ভুল আছে।

তিনি বলেন, এই সিরিজে এরই মধ্যে আমরা চারটি ম্যাচ খেলেছি এবং কেউ আমাদের পিচ দেখতে বাধা দেয়নি। আমরা সবাই অনেক ক্রিকেট ম্যাচ খেলেছি, কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি।

ভারতীয় অধিনায়কের মতে, পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, তা অবাঞ্ছিত। তার বক্তব্য, রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখতে পারেন। আমি জানি না, এখানে পরিস্থিতি এতটা উত্তপ্ত করার মতো কী আছে।

তিন ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ওভালে শুরু হতে যাওয়া শেষ টেস্টে জিতলেই সিরিজ ড্র করতে পারবে তারা। ম্যাচ শুরুর আগে গিল জানান, মাঠের বাইরে যতই আলোচনা থাকুক, দুই দলের ক্রিকেটারদের সম্পর্ক বেশ স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights