পিরোজপুর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী, খাবার নিয়ে ক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের খাবারের মান ও পরিমাণসহ হাসপাতালের বিভিন্ন ব্যবস্থাপনায় অসঙ্গতি পেয়েছেন দুই প্রতিমন্ত্রী। এ সময় রোগীদের খাবারের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।

রবিবার রাত ৮টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দুই প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তারা রোগীরা নিয়মিত ওষুধ পাচ্ছেন কি না, কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা মিলছে কি না এবং চিকিৎসা নিতে কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে সরাসরি জানতে চান।

এ সময় হাসপাতালের স্বাস্থ্যসেবা, চিকিৎসাধীন রোগীদের সার্বিক অবস্থা এবং ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা। নির্ধারিত স্থানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপস্থিত আছেন কি না, তাও খতিয়ে দেখা হয়।

পরিদর্শনের একপর্যায়ে রোগীদের জন্য প্রস্তুত ও পরিবেশন করা খাবারের মান ও পরিমাণ পরীক্ষা করেন দুই প্রতিমন্ত্রী। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কি না এবং খাবারের গুণগত মান ঠিক আছে কি না, তা সরেজমিনে দেখেন তারা। পরে রোগীদের খাবারের বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দুই প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীদের জন্য আরও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন দুই প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোগীদের খাবার সরবরাহে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights