পুকুরের মাঝখানে নারিকেল গাছ, এলাকায় তোলপাড়

শেরপুর প্রতিনিধি:
শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় পুকুরের পাড়ে থাকা একটি নারিকেল গাছ পড়ে যায় ওই পুকুরে। ঘটনার পর থেকে পুকুরে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে গাছটি। পুকুরের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কেন গাছটি, এই নিয়েই এলাকায় তোলপাড় চলছে।

আশেপাশের লোকজন বলেছে, গাছের মূলের সাথে থাকা মাটিসহ গাছটি পুকুরে চলে গেছে এবং দাঁড়িয়ে আছে। এ নিয়ে কৌতুলের শেষ নেই। এটা দেখতে হুমড়ি খেয়ে পড়েছে অতি উৎসাহী মানুষজন। বিষয়টি অলৌকিক, ভৌতিক ও প্রকৃতির খেলা মনে করে ওই নারিকেল গাছটি দেখতে আসা মানুষের ভিড় সরানো যাচ্ছে-ই না। অনেকেই রোগ-বালাই সারানোর জন্য বোতলে ওই পুকুরের পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। নিঃসন্তান দম্পতিরা সন্তারের আশায় ওই পুকুড়ের পানি খাচ্ছেন। কুসংস্কারাচ্ছন্ন মানুষ নানা রকম অদ্ভত কাণ্ড করছে। শহর-গ্রামে নানা গল্পের ডালপালায় বিষয়টি এখন শহরের টক অফ দ্যা টাউন। ঘটনার রং লাগিয়ে কেউ কেউ আরও রঙিন করে মুখরোচক গল্প বানচ্ছে। বেশি মানুষের আসা-যাওয়ায় বেড়ে গেছে শহরের রিকশা ও অটোর ভাড়াও।

অতি উৎসাহী মানুষের বক্তব্য, গাছটা পুকুরে পড়তে পারে কিন্ত এভাবে সোজা হয়ে থাকাটা অস্বাভাবিক। গাছ পড়ে গেছে কিন্ত একটু কাত-চিৎ কেন হলো না! এটা জিন-পরির কাজ হতে পারে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়েছে। এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়েছে অসংখ্য কৌতুহলী নারী-পুরুষ এবং শিশু-কিশোররা। নানা মাধ্যমে খবর পেয়ে দূর-দূরান্ত থেকেও মানুষ আসছে। টিকটিকও হচ্ছে। এই তুচ্ছ ঘটনায় বিপত্তিতে পড়েছে ওই বাড়ির মানুষজন। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মানুষের ভিড়ে বাড়ির মানুষজন অতিষ্ঠ। অতি উৎসাহী মানুষের বাধার ভয়ে গাছটি কাটতেও সাহস পাচ্ছেন না বাড়ির মালিক।
তবে ওই বাড়ির সৈয়দ আব্দুল হান্নানের ছেলে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার সৈয়দ আব্দুল আদিল রুপস বলেন, গাছ কাটতে প্রশাসনের সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন দেওয়ার প্রক্রিয়া চলছে। দ্রুতই ওই গাছটি কেটে ফেলা হবে।

শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোহেল মাহমুদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাছের গোড়ার সাথে মাটি লেগে থাকার কারণে মাটির সাথে গাছ অক্ষত হয়ে পুকুরে দাঁড়িয়ে আছে। এখানে অলৌকিকতার বিষয় নেই। এটা একটি স্বাভাবিক ঘটনা। কুসংস্কার থেকে কেউ কেউ এমন করছে। বাড়ির মালিক চাইলে গাছটা কাটতে সহযোগিতা করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights