পুলিশের সঙ্গে চা খেতে এসে গ্রেফতার ‘ভুয়া’ সিনিয়র সহকারী সচিব

অনলাইন ডেস্ক

মিরপুরে সিনিয়র সহকারী সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. রফিকুল হক মিঞা (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মিরপুর ২ নাম্বার সেকশনের পুলিশের অতিরিক্ত উপ কমিশনারের (মিরপুর জোন) অফিসে থেকে রফিকুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিক মিরপুর মধ্য পীরেরবাগ এলাকার মো. শামছুল হক মিঞার ছেলে।

তিনি জানান, রফিক একজন প্রতারক। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কিন্তু নিজেকে পরিচয় দেন সিনিয়র সহকারী সচিব হিসেবে। ৩৫তম বিসিএস পাশ করে তিনি বর্তমানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে উপপরিচালক পদে আছেন বলেও দাবি করেন।
এই পরিচয়ে তিনি ভিজিটিং কার্ডও ছাপান। থানায় কোনো প্রয়োজন হলে তার ভিজিটিং কার্ড দেখালে ‘কাজ হয়ে যাবে’ বলে সবাইকে বলেন। তার এমন কথা বিশ্বাস করেই গতকাল রাতে সেই ভিজিটিং কার্ড নিয়ে মিরপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার মাসুক মিয়ার কাছে আসেন আনু মিয়া।

কার্ড দেখে রফিকের পরিচয় নিয়ে সন্দেহ হলে তাকে চা খাওয়ার দাওয়াত দিয়ে অতিরিক্ত উপ কমিশনারের অফিসে ডাকা হয়। আসার পর তার পরিচয়, কর্মস্থলসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলা শুরু করেন।

পরে তার কথিত কর্মস্থলে যোগাযোগ করা হলে তারা জানান এই নামে কেউ নেই। এক পর্যায়ে রফিক মিথ্যা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন। রফিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights