পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে হাতকড়াসহ আসামি পলাতক, ফেসবুক লাইভে নির্দোষ দাবি
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় স্বজনদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সুযোগে হাতকড়াসহ পালিয়ে গেছেন আসির মিয়া (৩০)। পরে হাতকড়া পরা অবস্থায় ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এদিকে, পালিয়ে যাওয়ার পর অভিযান চালিয়ে অজ্ঞাত স্থান থেকে হাতকড়া উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। পলাতক আসির মিয়া ওই এলাকার বাসিন্দা। তিনি একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার আসির মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে মারামারির মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়ার সময় তার স্বজনেরা বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় আসির মিয়া পালিয়ে যান। পরে তিনি ফেসবুক লাইভে এসে হাতে হাতকড়া পরা অবস্থায় নিজেকে নির্দোষ দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য আজির উদ্দিন বলেন, ‘শুনেছি, আসির মিয়াকে আটকের সময় হট্টগোল হয়। সে সময় তিনি পুলিশের হাতকড়াসহ পালিয়ে যান।’
আসির মিয়া পালিয়ে যাওয়ার পর তাকে পুনরায় গ্রেপ্তারে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অজ্ঞাত স্থান থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। তবে এ সময় আসির মিয়াকে পাওয়া যায়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ বলেন, ‘আমার একজন কর্মকর্তা নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তারের পর কয়েকজন নারী ঝামেলা সৃষ্টি করেন। তখন আসামি পালিয়ে যায়।’
অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ‘সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাতকড়া উদ্ধার করা হয়েছে। দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।’
