পুশইন ও চোরাচালান প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, জেলায় প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এবং এই জেলার সীমান্তরক্ষার দায়িত্বে রয়েছে দুটি ব্যাটালিয়ন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা হচ্ছে পার্শ্ববর্তী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আংশিক এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার কিছু অংশ। অন্যদিকে, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার আংশিকসহ ভোলাহাট উপজেলার সীমান্ত।
এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর সেখানে সহিংসতা দেখা দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশইনসহ অবৈধ অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুর্গম চরাঞ্চলসহ মেঠোপথ ও নৌপথে অতিরিক্ত সদস্য মোতায়েন করে দিনরাত বিজিবি টহল অব্যাহত রাখা হয়েছে এবং বিজিবিকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিরি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিরি অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজিবি মহাপরিচালকের নির্দেশনা মেনে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি তৎপর রয়েছে এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির প্রতিটি সদস্য নিরলস কাজ করে যাচ্ছেন।
