পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: খাজা আসিফ

অনলাইন ডেস্ক

পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই আফগানিস্তানকে পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এক্সে দেওয়া দীর্ঘ বার্তায় তিনি কার্যত কাবুলের বিরুদ্ধে খোলা যুদ্ধের ইঙ্গিত দেন।

খাজা আসিফ বলেন, তালেবান সরকার পৃথিবীর যাবতীয় সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা ও সমর্থন দিচ্ছে। তাঁর অভিযোগ, ভারতের বিভিন্ন প্রক্সি গ্রুপকে সমর্থন দিয়ে পাকিস্তানে নাশকতা সৃষ্টি করছে আফগানিস্তান। প্রতিবেশী হওয়ায় দেশটিকে খুব ভালোভাবে চেনে ইসলামাবাদ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, এটি এখন পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে খোলা যুদ্ধ।

উল্লেখ্য, গত রবিবার আফগানিস্তানের নানগারহার, পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করে, এতে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে কাবুল জানায়, ওই হামলায় ১৮ জন নিহত হয়েছেন।

এর জেরে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাল্টা হামলা চালায় আফগানিস্তান। এসব হামলায় পাকিস্তানের ৫৫ সেনা নিহতের দাবি করে কাবুল। তবে ইসলামাবাদ দুই সেনা নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে।

পরবর্তী সময়ে কাবুল, কান্দাহার, নানগারহার, পাকতিয়া প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ১৩৩ তালেবান যোদ্ধা নিহতের দাবি করেছে ইসলামাবাদ। অন্যদিকে পাক সেনাদের একটি আকাশযান ভূপাতিত করার দাবি করেছে কাবুল।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা ও কড়া বক্তব্যে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights