পেরুতে নবজাতকদের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব এবার দেখা যাচ্ছে মাঠের বাইরেও। নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, পেরুতে বহু নতুন মা-বাবা তাদের সন্তানের নাম রাখছেন তার নামে।

পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তর জানিয়েছে, বিশ্বকাপ চলাকালেই হলান্ডের নামে নবজাতকদের নাম নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে নরওয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর এই প্রবণতা আরও বৃদ্ধি পায়।

ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বিশ্বকাপে চার ম্যাচে সাত গোল করে আলোচনার কেন্দ্রে রয়েছেন ২৫ বছর বয়সী হলান্ড। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৬৮টি নবজাতকের নাম রাখা হয়েছে ‘হালান্ড’। এছাড়া ৯১ জন শিশুর পুরো নাম রাখা হয়েছে ‘আর্লিং হালান্ড’।

নিবন্ধন দপ্তরের মুখপাত্র ইভান তোরেস বলেন, ‘পেরুভিয়ানদের কাছে ফুটবল তারকারা সন্তানদের নামকরণে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেন।’

তিনি জানান, বিশ্বকাপ শুরুর পর থেকেই হলান্ডের নামে নাম নিবন্ধনের সংখ্যা বাড়তে থাকে। নরওয়ের নকআউট পর্বে ওঠার পর সেই সংখ্যা আরও দ্রুত বৃদ্ধি পায়। মজার ছলে তিনি বলেন, হালান্ডও একজন পেরুভিয়ান।

অবশ্য পেরুতে ফুটবল তারকাদের নামে সন্তানের নাম রাখার ঘটনা নতুন নয়। দেশটির নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, ৩ হাজার ৪০২ জনের নাম রাখা হয়েছে ‘মেসি’, যার মধ্যে ২৯২ জনের পুরো নাম ‘লিওনেল মেসি’।

এছাড়া পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর নামে নাম রাখা হয়েছে ১ হাজার ১৮৫ জনের। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের নাম অনুসারে ‘ইয়ামাল’ নাম পেয়েছে ১ হাজার ২৪১ জন।

তবে এই তালিকায় সবচেয়ে এগিয়ে ব্রাজিলের নেইমার। পেরুতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৮০৯ জনের নাম রাখা হয়েছে এই ব্রাজিলিয়ান তারকার নামে।

সূত্র: ফ্রান্স ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights