প্যালেসকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানসিটি

অনলাইন ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা লড়াই এখন চূড়ান্ত রোমাঞ্চের চূড়ায়। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে শিরোপা জয়ের পথ আরও জমিয়ে তুলল বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানচেস্টার সিটি। দলের নিয়মিত ছয় তারকা আর্লিং হ্যালান্ড ও জেরেমি ডোকুসহ অন্যদের বেঞ্চে রেখে একাদশ সাজালেও মাঠের পারফরম্যান্সে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্রেনান জনসনের পাস থেকে মাতেতা জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ফলে সিটির জন্য বড় স্বস্তি হয়ে আসে। এরপর ৩২তম মিনিটে ফিল ফোডেনের দর্শনীয় ব্যাকহিল পাস থেকে জোরালো শটে সিটিকে এগিয়ে নেন অ্যান্টোয়ান সেমেনিও।

আট মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ওমার মার্মুশ। আবারও সহায়কের ভূমিকায় ছিলেন ফোডেন। তার বাড়ানো ক্রস থেকে বডি ডজে একজনকে কাটিয়ে লিগে টানা দ্বিতীয় গোল করেন মার্মুশ। বিরতির আগে ক্রিস্টাল প্যালেস ব্যবধান কমানোর সুযোগ পেলেও দোন্নারুম্মার দক্ষতায় গোলবঞ্চিত হয় তারা।

দ্বিতীয়ার্ধেও সিটির আধিপত্য বজায় ছিল। ম্যাচের ৮৪তম মিনিটে রায়ান চেরকির পাস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিয়ো।

এই জয়ের পর ৩৬ রাউন্ড শেষে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৭৭ পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা এখন মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

সিটির সামনে এখন দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী সপ্তাহে তারা লড়বে বোর্নমাউথের বিপক্ষে। আর লিগের শেষ দিনে ঘরের মাঠে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। প্রতিটি ম্যাচই এখন সিটির জন্য অঘোষিত ফাইনাল। কারণ আর্সেনাল কোনো ভুল করলেই ট্রফিটা আবারো সিটিতে চলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights