প্রকাশকদের মন খারাপের দিন
মোস্তফা মতিহার
অমর একুশে বইমেলায় টানা তিন দিন ক্রেতা, দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত আগমন ও সন্তোষজনক বিক্রিতে মন ভালো ছিল প্রকাশকদের। রমজানে মেলা জমবে না প্রকাশকদের এমন আশঙ্কা গত তিন দিন মিথ্যা প্রমাণ করে দিয়েছিলেন দর্শনার্থী ও বইপ্রেমীরা। তিন দিনের বিক্রি সন্তোষজনক হওয়ায় নতুন করে আশার আলো দেখছিলেন প্রকাশকরা। তবে, গতকাল বইমেলার চতুর্থ দিনে মন খারাপ হয়েছে প্রকাশকদের। রবিবার কর্মমুখর দিনে বই মেলায় উপস্থিতি কম থাকবে জানতেন, কিন্তু তা একেবারে জনমানবহীন মেলায় পরিণত হবে তা আশা করেননি তারা। তাই লেখক, পাঠক ও প্রকাশকরা হতাশ। স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় মেলার প্রবেশ দ্বার উন্মুক্ত হলেও স্টলগুলোতে বইয়ের পসরা সাজিয়ে ক্রেতাদের অপেক্ষার প্রহর গুনছিলেন তারা। কিন্তু, বিধি বাম। বিকাল ৫টা পর্যন্ত খুব একটা বইপ্রেমী লক্ষ করা যায়নি মেলাপ্রাঙ্গণে। বিকাল ৫টায় মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা হয় অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানার সঙ্গে। তিনি বলেন, অন্যান্য বছর এ সময়টাতে প্রায় অর্ধ লাখ টাকার বই বিক্রি হয়, কিন্তু আজকে (গতকাল) এখন পর্যন্ত বিক্রিই করতে পারিনি। এভাবে যদি চলতে থাকে তাহলে প্রকাশকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। শিকড় প্রকাশনীর স্বত্বাধিকারী মিজানুর রহমান সরদার মিলন বলেন, মেলা তো সবেমাত্র শুরু হলো। মাত্র চার দিন হলো। এত তাড়াতাড়ি সফলতা ব্যর্থতার হিসাব করা যাবে না। প্রতি বছর মেলা জমে শেষের দিকে। আশা করছি এবারও শেষের দিকে মেলা জমবে। মেলাপ্রাঙ্গণে দেখা হয় জনপ্রিয় গীতিকার, নাট্যকার ও নাট্যনির্মাতা জুয়েল মাহমুদের সঙ্গে। তিনি বলেন, আশাহত হওয়ার কোনো কারণ নেই। যারা বইপ্রেমী তারা মেলায় আসবেই। আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আশা করছি, খুব একটা খারাপ হবে না।
নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, গতকাল চতুর্থ দিনে মেলায় মোট নতুন বই এসেছে ৪২টি। আর গত চার দিনে মোট নতুন বই এসেছে ৯৬টি।
বইমেলায় এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মকে উপজীব্য করে সাংবাদিক মোহাম্মদ মাসুদের গ্রন্থ ‘জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার’। গবেষণাধর্মী এ বইটিতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, জেড ফোর্স গঠন, জিয়াউর রহমানের রাষ্ট্রভাবনা, দেশপ্রেম, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জিয়ার দূরদর্শিতা, সাংস্কৃতিক অঙ্গনে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের প্রবর্তন, ইসলামি শিক্ষায় জিয়াউর রহমানের অবদান, খাল খননের মতো ঐতিহাসিক ‘সবুজ বিপ্লব’ কর্মসূচিসহ তার শাসনামলের উল্লেখযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। বইটি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা প্রতিভা প্রকাশ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
মূল মঞ্চ : বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন নাসিমুল খবির। আলোচনায় অংশ নেন আইভি জামান। সভাপতিত্ব করেন লালারুখ সেলিম। মূল প্রবন্ধে নাসিমুল খবির অধ্যাপক হামিদুজ্জামান খানের ভাস্কর্য নির্মাণের দক্ষতা ও নানা বৈচিত্র্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, উপস্থাপনার অভিনবত্বে তাঁর নির্মাণ সমসময় ও ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে আছে ও থাকবে। আলোচনা-পরবর্তী সাংস্কৃতিক পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ইউসুফ রেজা। আবৃত্তি করেন ফারহানা পারভীন তৃণা। সংগীত পরিবেশন করেন শিল্পী আজগর আলীম, আবু বকর সিদ্দিক, নারায়ণ চন্দ্র শীল এবং সামীমা সুলতানা।
