প্রক্টর-প্রাধ্যক্ষের অব্যাহতিসহ ৫ দাবিতে জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিপীড়কদের সহায়তা করার অভিযোগ এনে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’র ব্যানারে চলে এ অবরোধ কর্মসূচি। এসময়, নিয়মিত ক্লাস-পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সবধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এমনকি অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষসহ কেউই তাদের কার্যালয়ে প্রবেশ করতে আসেননি।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলো হলো- ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করা, নিপীড়নের ঘটনায় বরখাস্তকৃত শিক্ষক মাহমুদুর রহমান জনির বিষয়ে অফিস আদেশ ও প্রজ্ঞাপন জারি, ক্যাম্পাসে মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
এদিকে দাবিগুলো বাস্তবায়িত না হলে অর্নির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিপীড়ন বিরোধী মঞ্চের আহ্বায়ক ও দর্শন বিভাগের অধ্যাপক রাইহান রাইন।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে অবরোধের কারণে প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights