প্রচণ্ড শীতে এক সপ্তাহ ইউক্রেনে হামলা চালাবে না রাশিয়া, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে চলমান প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে রাজধানী কিয়েভসহ অন্যান্য প্রধান শহরগুলোতে এক সপ্তাহ কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প জানান, তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে এই অনুরোধ করেছিলেন। ট্রাম্পের ভাষ্যমতে, আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে কিয়েভ এবং অন্যান্য শহরে এক সপ্তাহ গোলাবর্ষণ না করতে অনুরোধ করেছি এবং তিনি তাতে রাজি হয়েছেন।

ইউক্রেনে তাপমাত্রা বর্তমানে হিমাঙ্কের অনেক নিচে (মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত) নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় ট্রাম্প এই উদ্যোগ নেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি একে একটি ‌‌‘গুরুত্বপূর্ণ বিবৃতি’ হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে, রাশিয়া এই প্রতিশ্রুতি রক্ষা করবে।

বিবিসির তথ্যমতে, রাশিয়া হামলা বন্ধ রাখলে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে পাল্টা আক্রমণ চালানো থেকে বিরত থাকবে বলে একমত হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এই সমঝোতার কথা বেশ ঘটা করে প্রচার করলেও, ক্রেমলিন বা রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি।

উল্লেখ্য যে, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, গত কয়েক দিনে রাশিয়ার ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভসহ বড় শহরগুলোতে বর্তমানে বিদ্যুৎ ও উত্তাপের তীব্র সংকট চলছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বিদ্যুৎ না থাকায় লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সাময়িক এ যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেকে ভেবেছিলেন এই অনুরোধে কাজ হবে না, কিন্তু পুতিন রাজি হয়েছেন। ইউক্রেনীয়রা এটি প্রথমে বিশ্বাস করতে পারেনি, তবে তারা এখন এতে খুশি।

যদিও ট্রাম্প এই বিরতির কথা ঘোষণা করেছেন, কিন্তু বাস্তবে যুদ্ধক্ষেত্রে এর প্রতিফলন কতটুকু ঘটবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। বিদ্যুৎসংযোগ মেরামতের কাজ চললেও রুশ হামলার ভয়ে তা বাধাগ্রস্ত হচ্ছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights