“প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে প্রবেশাধিকার নিশ্চিতকরণ” শীর্ষক গোলটেবিল বৈঠক

দিনাজপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানের প্রবেশাধিকার নিশ্চিতকরণ শীর্ষক দিনাজপুরে দিনব্যাপী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস) ও উত্তরণ প্রতিবন্ধী সংস্থা (ইউপিএস) সদর দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সহ সভাপতি জাকিয়া সুলতানা ।

বক্তারা বলেন, অবশ্যই কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়াই সবধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটটি নির্বিঘ্নে নিজের পছন্দমতো প্রার্থীকে দিতে পারে সেই অধিকার ও ব্যবস্থা সরকারকেই নিশ্চিত করতে হবে।
সামাজিক ও পারিবারিক সচেতনতা সৃষ্টি করতে পারলেই এই বাধাবিপত্তি ছাড়াই প্রতিবন্ধী মানুষের ভোট প্রয়োগের অধিকার শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে। মুক্ত আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিরা নির্বাচনের সময় ভোট দিতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার চিত্র তুলে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ময়নুল হক, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কনসালটেন্ট মো. নাছিম হোসেন, সংগীত ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ড. মারুফা বেগম, আদর্শ মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোছা. রুবি আফরোজ, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেওয়াজ প্রমুখ।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানের প্রবেশাধিকার নিশ্চিতকরণ শীর্ষক গোলটেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সম্পাদক অনামিকা পান্ডে এবং রাজধানী ঢাকা থেকে অনলাইনে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্ট্রোরাল সিস্টেম প্রজেক্ট অফিসার ইনক্লুশন শাওনী ইমাম।

গোল টেবিল বৈঠকের মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মো:. শামীম, উত্তরণ প্রতিবন্ধী সংস্থার কোষাধ্যক্ষ মো. রাসেল রানা, মো. সুজন রানা, মোছা. রোজিনা বেগম, মোহনা আকতার প্রীতি, মো. বাদল, আরমিনা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights