প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জের হাওর এলাকায় প্রতিবেশীর ঘর থেকে অন্তিম নামের দুই বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। সোমবার বিকালে উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সাগর চন্দ্র বর্মণের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিবেশী সুকুমারের ঘর থেকে শিশুকে অর্ধ গলাকাটা অবস্থায় উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পারিবারিক বিরোধ কিনা অন্য কিছু এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে প্রতিবেশী সুকুমারের ঘর থেকে শিশুর কান্না শুনে লোকজন এগিয়ে গেলে দেখে গলার অর্ধেক অংশ কাটা। এই খবর মোহনগঞ্জ থানায় জানালে ওসি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নিতে নিতেই শিশুটি মারা যায়।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাস্থল হাওর এলাকা। থানা থেকে ২৫ কিলোমিটার দূরে। আমরা সেখানেই যাচ্ছি। গিয়ে আসল ঘটনা জানা যাবে।

তিনি বলেন, আমাদের জানানোর পরপরপই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েই আমরা ঘটনাস্থলে রওনা হয়েছি।

এ ব্যাপারে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অলক কান্তি সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোনকল কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights