প্রতিভার স্বাক্ষর রাখছে শিবলী সাদিক একের পর এক প্রতিযোগিতায় সাফল্য

কুড়িগ্রাম প্রতিনিধি:
ইসলামি সংগীত, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে আলোচনায় এসেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শিবলী সাদিক। ছোট বয়সেই তার মেধা, সৃজনশীলতা ও ইসলামি সংস্কৃতিচর্চায় পারদর্শিতা পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের আবহ তৈরি করেছে।
সর্বশেষ ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের হামদ-নাতে প্রথম এবং রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে শিবলী। বাংলাদেশ শিশু একাডেমি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজিত রচনা প্রতিযোগিতাতেও ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে সে। এছাড়া ওলামা এ্যালায়েন্স কুড়িগ্রাম জেলা শাখার হামদ-নাত প্রতিযোগিতায় অর্জন করেছে তৃতীয় স্থান।
এর আগেও জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব রয়েছে শিবলীর। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে সে।
পড়াশোনার পাশাপাশি ইসলামি সংগীতচর্চায়ও রয়েছে তার বিশেষ আগ্রহ। ইউটিউবে শিবলীর গাওয়া অসংখ্য ইসলামি সংগীত রয়েছে। এর মধ্যে ‘মায়ের মত আপন’ শিরোনামের একটি সংগীত ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
শিবলীর বাবা মাওলানা মো. সিরাজুল ইসলাম ফারুকী একজন বিশিষ্ট আলেম ও ইসলামি আলোচক। তিনি বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি। তার নানা মাওলানা আতাউল গনি ওসমানী দেশবরেণ্য ইসলামি আলোচক। চাচা তারিক বিন আজাদও দেশবরেণ্য ইসলামি সংগীতশিল্পী ও ইসলামি আলোচক।
শিবলীর এই ধারাবাহিক সাফল্যে তার পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষক ও পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতে তার মেধা ও প্রতিভা আরও বিকশিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজে আসবে।
ভবিষ্যৎ স্বপ্নের কথা বলতে গিয়ে শিবলী সাদিক একজন দায়ী ইলাল্লাহ (ইসলামের পথে আহ্বানকারী) হতে চায় বলে জানায়। পড়াশোনার পাশাপাশি ইসলামি জ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানুষের কাছে ইসলামের সুন্দর বার্তা পৌঁছে দেওয়াই তার স্বপ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights