প্রতিরক্ষা চুক্তি বাতিল, আমিরাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ইয়েমেনের

অনলাইন ডেস্ক
দক্ষিণ ইয়েমেনে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) কাছে অস্ত্র পাঠানোর কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইয়েমেন। একই সঙ্গে দেশটির সব ভূখণ্ড থেকে ২৪ ঘণ্টার মধ্যে সব আমিরাতি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইয়েমেনি সরকার।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি বলেন, “সব আমিরাতি বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেনের সব এলাকা থেকে সরে যেতে হবে।”

তিনি আরও জানান, “আজ থেকেই দেশজুড়ে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি সব বন্দর ও সীমান্ত ক্রসিংয়ে ৭২ ঘণ্টার জন্য আকাশ ও স্থলপথে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

এর আগে এদিন সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে দুটি জাহাজকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া বক্তব্যে জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আসা ওই দুটি জাহাজ ২৭ ও ২৮ ডিসেম্বর জোটের যৌথ বাহিনী কমান্ডের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করেছিল।

ইয়েমেন সরকারের অভিযোগ, ওই জাহাজগুলোর মাধ্যমে দক্ষিণ ইয়েমেনে সক্রিয় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের কাছে অস্ত্র পাঠানো হয়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটেই ইউএইর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল এবং আমিরাতি বাহিনী প্রত্যাহারের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights