‘প্রতিশোধ’ নিয়ে ফিরলো জোভান-তিশার জুটি

অনলাইন ডেস্ক

ছোটপর্দার একসময়ের দর্শকপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। একসঙ্গে তাদের অভিনয় দর্শকের মধ্যে তৈরি করেছিল আলাদা জনপ্রিয়তা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’ ও ‘কাপল ক্যাম্পাস’এর মতো নাটকে তাদের রসায়ন প্রশংসিত হয়েছে। দীর্ঘ বিরতির পর এবার নতুন নাটক ‘প্রতিশোধ’ এর মধ্য দিয়ে আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন তারা।

জোভান ও তানজিন তিশা একই সময়ে অভিনয়জীবন শুরু করেন। একটা সময় নিয়মিত জুটি হয়ে কাজ করলেও পরে দুজনই একসঙ্গে অভিনয় থেকে সরে যান। দীর্ঘ বিরতির পর ফেরার প্রসঙ্গে জোভান বলেন, অনেক দিন পর তারা একসঙ্গে কাজ করেছেন। নাটকটির শুটিং ঈদের আগেই শেষ হয়েছিল।

‘প্রতিশোধ’-এর গল্পেও রয়েছে ভিন্নতার ছাপ। বিদেশে পড়াশোনা শেষ করে এক বছর চাকরি করার পর দেশে ফেরেন এক তরুণ। দেশে ফিরে একটি প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি অপ্রত্যাশিত এক অভিজ্ঞতার মুখোমুখি হন।

চাকরির বাজারে নিয়োগের আগেই প্রার্থীদের কাছে নানা ধরনের অভিজ্ঞতা চাওয়ার বিষয়টি গল্পে তুলে ধরা হয়েছে। সেখান থেকেই এগিয়ে যায় ক্যারিয়ারকেন্দ্রিক এক ভিন্ন ধরনের প্রতিশোধের গল্প। এর মধ্য দিয়ে দর্শকদের জন্য সচেতনতার বার্তাও দেওয়ার চেষ্টা করা হয়েছে।

নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিনের যৌথ লেখায় নির্মিত নাটকটিতে জোভান-তিশার সঙ্গে অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠু। সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। বিশেষ করে দীর্ঘ বিরতির পর জোভান-তানজিন তিশাকে একসঙ্গে পেয়ে তাদের অন-স্ক্রিন রসায়নের প্রশংসা করছেন ভক্তরা।

রুদ্র নামের এক দর্শক মন্তব্য করেছেন, পুরোনো জুটিগুলোর মধ্যে জোভান-তিশার রসায়ন তার কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। দুজন একসঙ্গে পর্দায় এলে অভিনয়ে ভিন্ন এক আবহ তৈরি হয় বলেও মনে করেন তিনি। একই সঙ্গে এই জুটির নিয়মিত কাজ দেখতে চেয়েছেন ওই দর্শক।

আরেক দর্শক তোফাজ্জল হোসেনও দীর্ঘদিন পর তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার মতে, গল্পের পাশাপাশি দুজনের স্বাভাবিক অভিনয় ও পারস্পরিক বোঝাপড়াই তাদের রসায়নকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। তাই জোভান-তিশাকে আবার নিয়মিত জুটি হিসেবে দেখতে চান দর্শকদের অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights