প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে দাপট দেখালেও সিঙ্গাপুরের আক্রমণের চাপ সামলাতে পারেনি জামাল ভূঁইয়ার দল।
ম্যাচের প্রথম ১৫ মিনিটে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের রক্ষণে একাধিকবার চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি লাল-সবুজের দল।
দ্বিতীয় মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার বক্সে পৌঁছালেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ১৫তম মিনিটে রাকিব হোসেন বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকলেও তাঁর বাড়ানো বল নেওয়ার মতো কোনো সতীর্থকে পাননি।
ষষ্ঠ মিনিটে হলুদ কার্ড দেখেন শমিত সোম। সিঙ্গাপুরের জুলকিফলিকে পেছন থেকে জার্সি ধরে আটকানোর কারণে তাঁকে কার্ড দেখান রেফারি।
১৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ করে সিঙ্গাপুর। বাঁ দিক থেকে ইলহান ফান্দির নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। সেখান থেকে পরপর দুটি কর্নার পেলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি সিঙ্গাপুর।
৩০ মিনিটে কুলিং ব্রেক পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। তবে বিরতির আগে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সিঙ্গাপুর।
৩৩তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। নেওয়া শট দুর্দান্তভাবে প্রতিহত করেন মেহেদী হাসান। পরে তারিক কাজী বল ক্লিয়ার করে বাংলাদেশকে আরও বিপদ থেকে রক্ষা করেন।
তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি। ৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে জড়িয়ে সিঙ্গাপুরকে এগিয়ে দেন রায়ান স্টুয়ার্ট।
গোলের পর আরও চাপ বাড়ায় সিঙ্গাপুর। ৩৭তম মিনিটে ডান দিক থেকে নেওয়া একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি তারা।
প্রথমার্ধের শেষ দিকে সিঙ্গাপুরের নিয়ন্ত্রণে থাকা ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে।
