প্রথম জয়ের খোঁজে অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর ভরসা রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ঘোষিত এই দলে দেড় বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন সেন্টার-ব্যাক টমি স্মিথ, তিনি সরাসরি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।

এবারের দলে টমি স্মিথের পাশাপাশি আছেন অধিনায়ক ক্রিস উড। এই দুই অভিজ্ঞ ফুটবলারই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

দলের কোচ ড্যানি হে স্কোয়াড নির্বাচনে অভিজ্ঞতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার দলে অর্ধেকের বেশি খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে ২৫টির বেশি ম্যাচ খেলেছেন।

নিউজিল্যান্ড এর আগে মাত্র দুইবার বিশ্বকাপ খেলেছে, ১৯৮২ ও ২০১০ সালে। ২০১০ আসরে অংশ নেওয়া স্কোয়াড থেকে এবার দলে আছেন শুধু স্মিথ ও উড। সেই অভিজ্ঞতাই এবারের দলে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

১৯৮২ সালের অভিষেক বিশ্বকাপে নিউজিল্যান্ড তিন ম্যাচেই হারলেও ২০১০ সালে তারা উল্লেখযোগ্য উন্নতি দেখায়। সেবার গ্রুপ পর্বে তিন ম্যাচেই ড্র করে তারা, যার মধ্যে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচও ছিল।

‘জি’ গ্রুপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরান, বেলজিয়াম এবং মিশর। ১৫ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

দুইবার বিশ্বকাপে অংশ নিয়েও এখনো জয় পায়নি নিউজিল্যান্ড। তবে অভিজ্ঞতা ও নতুন পরিকল্পনার সমন্বয়ে এবার ভালো কিছু করার আশা করছে দলটি।

নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।

ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।

মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।

ফরোয়ার্ড: ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights