প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জবি ছাত্রলীগের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে কবরস্থানে পাঠানোর প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ।

সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে রাজধানী পুরান ঢাকার শাঁখারী বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ পার্কে হয়ে বাংলাবাজার মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। সেখানে ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ১৭ কোটি বাঙালির আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনা যখন জাতিসংঘ থেক “দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ” নামে তার উদ্ভাবিত কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা স্বীকৃতি পায় তখন বিএনপির গায়ে জ্বালা ধরে যায়। বিএনপির এক কুলাঙ্গার আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়। আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন বলেন, বিএনপি সবসময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের নূন্যতম আস্থা নেই। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের পা চেটে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে।

তিনি আরও বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ স্পষ্ট বলতে চাই দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা রক্ত দিতে সর্বদা প্রস্তুত। বিএনপি -জামায়াতের ষড়যন্ত্র আমরা বেঁচে থাকতে বাস্তবায়ন হতে দিব না। অনতিবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা আবু সাঈদ চাঁদকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights