প্রধানমন্ত্রীর নির্দেশে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।
বুধবার কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে পরিদর্শনের মাধ্যমে সেবার মান, অবকাঠামো ও জনবল পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। জনগণের প্রয়োজন বিবেচনায় নতুন হাসপাতাল স্থাপন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং জনবল নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, হাসপাতালগুলোর বন্ধ থাকা ওয়ার্ড ও বিভিন্ন চিকিৎসাসেবা দ্রুত চালুর পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্যখাতে জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।
এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিষয়েও মন্তব্য করেন। মন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যেসব নিয়োগে অনিয়ম প্রমাণিত হবে, সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।
