প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছাতে কাতারের পথে স্পিকার
অনলাইন ডেস্ক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিতে দোহার উদ্দেশে রওনা হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা সহকারী পরিচালক মো. রাশেদ মিজান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন।
কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।
এর আগে কাতারের আমিরের দপ্তর রবিবার এক বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানায়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। শেখ হামাদের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
