প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তা-ই করেন: বিজয় কান্তি সরকার
মানিকগঞ্জ প্রতিনিধি
‘প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তা-ই করেন, তার কাছে কোনো ধর্মীয় বিভেদ নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজয় কান্তি সরকার।
শনিবার রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চরকুশুন্ডা সর্বজনীন কালীমন্দিরে আয়োজিত কালীপূজা ও ভক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজয় কান্তি সরকার বলেন, ৫ আগস্টের পর সনাতন ধর্মাবলম্বীরা একধরনের আতঙ্কের মধ্যে ছিলেন, কিন্তু বাস্তবে ক্ষতিকর কিছুই ঘটেনি। লন্ডন থেকে তারেক রহমান এবং বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে অত্যন্ত শক্ত অবস্থান নেওয়ায় তাদের কোনো ক্ষতি হতে পারেনি।
বর্তমানে দেশে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় সশরীরে গিয়েও এসব গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মতোই তারেক রহমান যা বলেন তা-ই করেন এবং কোনো অপশক্তিই এতে বাধা হতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দুকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বাবু তপন মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন এবং জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু।
মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে এবিজি ফাউন্ডেশন এবং ব্যবস্থাপনায় ছিলেন প্রণব শাখারী। আলোচনা ও সমাবেশ শেষে এবিজি ফাউন্ডেশনের সৌজন্যে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
