প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে মালয়েশিয়ায় এনসিপির সংবাদ সম্মেলন

মালয়েশিয়া প্রতিনিধি

বিশ্বজুড়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী’র ভোটাধিকারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স – মালয়েশিয়া চ্যাপ্টার। শনিবার (২১ জুন) কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ রাধুনি বিলাস রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্স-এর কেন্দ্রীয় সদস্য এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্স-এর আরেক কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘প্রবাসীরা শুধু অর্থনীতির জন্যই নয়, দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। অথচ তারা এখনও জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত। এটি এক নির্মম বৈষম্য। প্রায় ২০ লাখ মালয়েশিয়া প্রবাসীসহ বিশ্বের প্রায় দেড় কোটিরও বেশি বাংলাদেশি নাগরিক দেশের বাইরে বসবাস করছেন। এ বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখলেও, তারা আজও রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত।’

সংবাদ সম্মেলনে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল- প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আইন ও সংবিধানে সুরক্ষিত রাখা, নির্বাচন কমিশন ও সরকারকে একটি স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ প্রকাশ করা, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসে ভোট কেন্দ্র চালুর পাশাপাশি, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ভিত্তিতে একটি নিরাপদ ও নিরপেক্ষ অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করা, প্রবাসীদের জন্য একটি বিশেষ ‘ভোটার তালিকা’ তৈরি করা, প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচারাভিযান চালানো।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাধারণ প্রবাসীরা বলেন, এই দাবিগুলো কোনো দলীয় সুবিধা অর্জনের জন্য নয়—এটি একটি অরাজনৈতিক, গণতান্ত্রিক ও মানবিক দাবি, যা সব বাংলাদেশির সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রয়াস।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স – মালয়েশিয়া চ্যাপ্টার বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে জোরালোভাবে আহ্বান জানায়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটাধিকার অবশ্যম্ভাবীভাবে নিশ্চিত করা, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রওশন আলম, মোহাম্মদ আল আমীন, শহিদুল ইসলাম, দাউদ ইসলাম ভূইয়া, বশির আহমেদ আলম, রায়হান হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মাদ ইমন, তুহিন হোসেন, মুরাদ হোসেন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, মুশফিকুর রহমান এবং সাহাদাত আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights