প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।’ গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এসব কথা বলেন তিনি।

বিরোধীদলীয় নেতা লিখেছেন, ‘প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।’

তিনি লিখেছেন, ‘আমরা সরকারকে আহ্বান জানাব, আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেওয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।’ জামায়াত আমির লিখেছেন, ‘প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।’

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন : গতকাল জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চবিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও ভালোভাবে পরীক্ষা দিয়ে সফলতার জন্য মহান রবের দরবারে দোয়া করেন। এ সময় তিনি কেন্দ্রসচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা। পরে বিরোধীদলীয় নেতার পক্ষে স্থানীয় জামায়াতের ব্যবস্থাপনায় কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার জন্য যে ছাউনি এবং তৃষ্ণার্তদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়, সেটিও তিনি পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন।

সংসদ ভবনকেও যেন লোডশেডিংয়ের আওতায় আনা হয় : জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালু করার ঘোষণার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গতকাল অধিবেশনে জাতীয় সংসদকেও লোডশেডিংয়ের আওতায় আনার প্রস্তাব করেন। তখন স্পিকার অধিবেশন চালাতে সমস্যার কথা বললে তিনি বলেন, আমি সংসদ ভবন বলেছি। সংসদের অধিবেশন আমি বলি নাই। অধিবেশনের বাইরে অনেক কর্মকাণ্ড আছে, আমি সেই কথাটাই বলেছি। ডা. শফিকুর রহমান বলেন, আমি আমাদের খনিজ সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এ সংসদে এনেছেন- ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে।

আমি বলব, মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। সংসদ যেন এর বাইরে না থাকে। ওই লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদও যেন থাকে। যদি ঢাকার অন্য অংশে এক ঘণ্টা থাকে, এখানেও এক ঘণ্টা যেন বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ডআপ করতে চাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights