প্রবাসী স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ, পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে প্রবাসফেরত স্বামীকে হত্যাচেষ্টার ঘটনায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার ভোররাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত প্রবাসফেরত স্বামী মিনহাজ উদ্দিনকে (৩১) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের নূর মিয়ার ছেলে।

আটককৃতরা হলেন- মিনহাজ উদ্দিনের স্ত্রী মনিরা বেগম (২২) ও তার পরকীয়া প্রেমিক একই উপজেলার হরিপুর ৬নং কূপ এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে ফেরদৌস রহমান চৌধুরী (২৫)।
স্থানীয় সূত্র জানায়, মিনহাজ উদ্দিন কুয়েত প্রবাসী। তিনি প্রবাসে থাকাবস্থায় স্ত্রী মনিরা বেগম তার বাবার বাড়ি হরিপুর ৬নং কূপ এলাকায় বসবাস করতেন। এসময় ওই এলাকার ফেরদৌস রহমান চৌধুরীর সাথে তার সম্পর্ক হয়।

শুক্রবার ভোররাতে পরকীয়া প্রেমিক ফেরদৌসকে নিয়ে স্বামী মিনহাজকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালান মনিরা। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুম থেকে পরিবারের সদস্যরা এসে মিনহাজকে উদ্ধার করেন এবং পরকীয়া প্রেমিক ফেরদৌস ও মনিরাকে আটকে রাখেন। খবর পেয়ে জৈন্তাপুর থানাপুলিশ গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে।

জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম জানান, হত্যাচেষ্টার ঘটনায় প্রবাসী মিনহাজের বাবা নূর মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights