প্রশান্ত মহাসাগরে ৯ ঘণ্টা, অলৌকিকভাবে বেঁচে গেলেন পিয়ানোবাদক

প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশিতে প্রায় ৯ ঘণ্টা ভেসে থাকার পর প্রাণে বেঁচে ফিরেছেন রয়্যাল ক্যারিবিয়ানের একটি প্রমোদতরির পিয়ানোবাদক।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে সাগরে ভাসতে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মাছ ধরতে যাওয়া দুই জেলে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা স্থিতিশীল এবং বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের দুই জেলে শন নর্টন ও গ্রান্ট গ্যারেট মাছ ধরার ট্রিপ শেষে ফিরছিলেন। তাদের নৌকার চালক হঠাৎ সাগরের পানিতে একজন মানুষকে ভাসতে দেখেন। তখন তাঁরা কাতালিনা দ্বীপের কাছাকাছি এলাকায় ছিলেন। লোকটিকে দেখতে পেয়ে মাছ ধরার কাজ বন্ধ করে দ্রুত তাঁর কাছে যান তারা। নর্টন ও গ্যারেট দুজন মিলে ওই ব্যক্তির হাত ধরে তাঁকে নৌকায় তুলে আনেন। উদ্ধারের পর লোকটি ছিলেন প্রচণ্ড আতঙ্কিত ও বিপর্যস্ত। কিছুটা স্বাভাবিক হলে তিনি জানান, রয়্যাল ক্যারিবিয়ানের ১৪ তলা প্রমোদতরি ‘ওভেশন অব দ্য সিজ’-এ পিয়ানোবাদক হিসেবে কাজ করেন তিনি।

উদ্ধারকারী নর্টন জানান, জ্ঞান ফিরে পাওয়ার পর লোকটি তাঁকে বলেছিলেন, ‘ধন্যবাদ। আমার মনে হয়েছিল, আমি আর বাঁচব না।’ তাঁর অবস্থা দেখে বোঝা যাচ্ছিল, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তিনি প্রচণ্ড ক্লান্ত ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

উদ্ধারের পর জেলেরা জরুরি সামুদ্রিক বিপৎসংকেত পাঠান। খবর পেয়ে নিউপোর্ট বিচের লাইফগার্ড ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। নিউপোর্ট বিচের লাইফগার্ড বিভাগের ব্যাটালিয়ন প্রধান অ্যাডাম ইয়াসেন্ডা জানান, উপকূল থেকে প্রায় ১৫ থেকে ২০ মাইল দূরে তাঁকে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, উদ্ধার হওয়ার প্রায় ৯ ঘণ্টা আগে তিনি জাহাজ থেকে পানিতে পড়ে গিয়েছিলেন। তবে কীভাবে তিনি জাহাজ থেকে সাগরে পড়ে যান, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি তদন্ত করছে মার্কিন কোস্টগার্ড।

উষ্ণ পানিতে বেঁচে থাকার সম্ভাবনা

দীর্ঘ সময় সাগরে থাকার পরও ওই ব্যক্তির বেঁচে যাওয়ার পেছনে পানির তুলনামূলক উষ্ণ তাপমাত্রা ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন উদ্ধারকারী নর্টন। তাঁর ভাষ্য, ওই সময় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা ছিল প্রায় ৭৬ ডিগ্রি ফারেনহাইট বা ২৪ ডিগ্রি সেলসিয়াস। অন্য কোনো বছর পানির তাপমাত্রা কম থাকলে ওই ব্যক্তির বেঁচে থাকা কঠিন হতে পারত।

এ বছর শক্তিশালী এল নিনোর প্রভাবে ক্যালিফোর্নিয়া উপকূলের সমুদ্রের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে থাকলে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে, যা হাইপোথার্মিয়া নামে পরিচিত। উষ্ণ পানি এ ঝুঁকি কিছুটা কমিয়ে থাকতে পারে।

এদিকে রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওই কর্মীর কঠিন সময়ে তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তবে কর্মীর ব্যক্তিগত গোপনীয়তার কথা উল্লেখ করে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

কীভাবে প্রমোদতরি থেকে ওই পিয়ানোবাদক সাগরে পড়ে গেলেন, তা তদন্তের পরই জানা যাবে। তবে প্রায় ৯ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর দুই জেলের চোখে পড়ায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি।

তথ্য সূত্র- দ্য গার্ডিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights