প্রস্তুতি ম্যাচেও মাঠে নামেননি মেসি, বিশ্বকাপের আগে শঙ্কা কতটা?

স্পোর্টস ডেস্ক

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আর্জেন্টিনা। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য অস্বস্তি এবং পেশির ক্লান্তির কারণে শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি।

ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ ও অনুশীলনে অংশ নিলেও শেষ পর্যন্ত বেঞ্চেই ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পুরো ম্যাচ দর্শকের ভূমিকায় কাটান তিনি। তবে মেসিকে ছাড়াই ২-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপ প্রস্তুতি এগিয়ে নিয়েছে আর্জেন্টিনা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির মাঠে ফেরার সময়সূচি এখনো নির্ধারিত নয়। তার শারীরিক অবস্থার উন্নতি কেমন হয়, সেটিই হবে মূল বিবেচ্য বিষয়। চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞরা নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং পুরোপুরি সুস্থ হওয়ার আগে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না দল।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে। আলাবামার অবার্নে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে তাকে শতভাগ ফিট অবস্থায় বিশ্বকাপে নামানোই দলের প্রধান লক্ষ্য।

আর মাত্র কয়েক সপ্তাহ পর ৩৯ বছরে পা দেবেন মেসি। বয়সের বিষয়টি মাথায় রেখেই তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আর্জেন্টিনা শিবির। গত সপ্তাহে কানসাস সিটির অনুশীলনেও তাকে সতীর্থদের পরে মাঠে নামতে দেখা যায়। পরে দলের মূল সেশনের বাইরে আলাদাভাবে কিছু ফিটনেস অনুশীলনও করেন তিনি।

ফুটবল বিশ্লেষকদের অনেকের ধারণা, এটিই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। তাই তাকে পুরোপুরি সুস্থ ও ছন্দে রেখে টুর্নামেন্টে নামানোর ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আর্জেন্তিনা। দলের প্রত্যাশা, বিশ্বমঞ্চে তিনি আবারও নিজের সেরাটা তুলে ধরবেন।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবে।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতোমধ্যে নিজের করে নিয়েছেন মেসি। এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৬টি বিশ্বকাপ ম্যাচ। পাশাপাশি আরও একটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের ১৬ বিশ্বকাপ গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে মেসির প্রয়োজন আর মাত্র চারটি গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights