প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মাছের বাজারে, নিহত ২ ব্যবসায়ী

গাইবান্ধা প্রতিনিধি

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ধর্মপুর বাজারে ঢুকে পড়ায় দুইজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়কের ধর্মপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের নরেন দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৫৫) ও একই গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ্র দাস (৩৫)। তারা ধর্মপুর মাছ বাজারে রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছিলেন।
এ দুর্ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

স্থানীয়রা জানান, একটি প্রাইভেটকার দ্রুতগতিতে গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মাছ বাজারে ঢুকে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেটকারটি পুলিশের কাছে সোর্পদ করেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলাম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে। প্রাইভেটকারটি থানায় আটক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights