প্রাকৃতিক সম্পদে ফিলিস্তিনিদের স্থায়ী সার্বভৌমত্বের পক্ষে প্রস্তাব পাস

দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনি জনগণের স্থায়ী সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করে একটি গুরুত্বপূর্ণ খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি কমিটি।

পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনিদের নিজ ভূমির সম্পদের ওপর পূর্ণ অধিকারের স্বীকৃতি দিয়ে এই প্রস্তাব আনা হয়।

জি-৭৭ ও চীনের যৌথভাবে উত্থাপিত এই খসড়া প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়। এতে ১৫১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় ৭টি এবং ১১টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কলম্বিয়া, প্যারাগুয়ে, পালাউ, নাউরু এবং মাইক্রোনেশিয়া এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সকল সদস্য রাষ্ট্র এবং কানাডা প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়েছে।

প্রস্তাবটিতে ফিলিস্তিনের পাশাপাশি দখলকৃত সিরীয় গোলান অঞ্চলের আরব জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদের ওপর অধিকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে, ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের শোষণ অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া, এই অবৈধ শোষণের কারণে ফিলিস্তিনিরা যে ক্ষতির মুখে পড়েছে, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকারও নিশ্চিত করার কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights