প্রাণঘাতী ইবোলার টিকা প্রস্তুতে লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী ইবোলার ভ্যাকসিন বা টিকা তৈরি করতে অন্তত ৯ মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার জেনেভায় ডব্লিউএইচও’র সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপদেষ্টা ড. ভাসি মূর্তি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিরুদ্ধে দুটি সম্ভাব্য ‘ক্যান্ডিডেট ভ্যাকসিন’ তৈরি করা হচ্ছে। তবে এগুলোর কোনোটিরই এখনো ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন হয়নি।

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডি আর) কঙ্গোতে প্রায় মহামারি পর্যায়ে ছড়িয়ে পড়েছে ইবোলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক বিবৃতিতে জানিয়েছেন, কঙ্গোতে এ পর্যন্ত ইবোলার উপসর্গে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। এছাড়া আরও ৬০০ জনের মধ্যে ইবোলার উপসর্গ শনাক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে ড. ভাসি মূর্তি বলেন, কঙ্গোতে যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে- তাদের মধ্যে ৫১ জন ইবোলাতে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া প্রতিবেশি উগান্ডাতেও ইবোলায় আক্রান্ত হয়েছেন ২ জন।

কঙ্গোতে ইবোলার বিধ্বংসী প্রাদুর্ভাবের জেরে গত ১৭ মে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। তবে সঙ্গে এ-ও জানায় যে ইবোলার এই প্রাদুর্ভাব পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারি পর্যায়ে পৌঁছায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights