প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব : স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। আমি চাই না এ অঞ্চলের রোগী ঢাকায় গিয়ে চিকিৎসা নেক। আপনাদের সমস্যাগুলো শুনলাম। এই হাসপাতালে এমআরআই, সিটি স্ক্যান মেশিন অকেজো। চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। খুব দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

রবিবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক থাকেন না-সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতালে যে চিকিৎসককে যে পদে পদায়ন করা হয়েছে, তাকে অবশ্যই জেলা শহরে থেকে চিকিৎসা সেবা দিতে হবে। এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে।
অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক সম্পর্কে তিনি বলেন, অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক কাজ করতে পারবে না। একটি হাসপাতালে যা যা থাকার দরকার, তা না থাকলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায়, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন দায়ী থাকবেন।

এর আগে, তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়াম ভবন উদ্বোধন, কলেজের আয়োজনে অডিটোরিয়ামে শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। পরে ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন।

মন্ত্রী পরিদর্শনসহ চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ঢাকার বাইরে জেলার হাসপাতালগুলোর সেবার মান ও সমস্যা দেখতে এ পরিদর্শন করছেন বলে জানান।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম, সিভিল সার্জন ডা. বোরহানুল ইসলাম সিদ্দিকী, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুজ্জামান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নুরুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সচিব মো. জাহাঙ্গীর আলম, মহাপরিচালক প্রফেসর আবুল বাশার ডা. মো. খুরশিদ আলম, পরিচালক (হাসপাতাল) ডা. মাঈনুল আহসান বাপ্পি, রংপুর বিভাগীয় পরিচালক এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর এ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights