প্রায় ১ কোটি টাকার অবৈধ সম্পদ: দিনাজপুরে সাবেক এসিও বিরুদ্ধে দুদকের মামলা

আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি :

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর জালে এবার ধরা পড়লেন পার্বতীপুর উপজেলার এক সাবেক সরকারি কর্মকর্তা। একেএম এনায়েতুর রহমান (৬৪), যিনি একসময় সহকারী সেটেলমেন্ট অফিসার (এসিও) হিসেবে কর্মরত ছিলেন, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং কমিশনে মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।
দুদকের দিনাজপুর জেলা কার্যালয় গত রোববার (২৩ নভেম্বর) এই মামলাটি দায়ের করে। দুদকের তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, সাবেক এই কর্মকর্তা ২০১১ সাল থেকে ২০২৩ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত তার বৈধ আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিহীনভাবে ১ কোটি ৯৯ হাজার ২৫৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন।
সবচেয়ে গুরুতর বিষয় হলো, তিনি দুদকে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে আরও ২৫ লাখ ৮৫ হাজার ১৫০ টাকা মূল্যের সম্পদের তথ্য সম্পূর্ণভাবে গোপন করেন, যা দুদক আইন অনুসারে মিথ্যা তথ্য দেওয়ার শামিল।
দুদক জানায়, এনায়েতুর রহমানের দাখিলকৃত হিসাবের সঙ্গে বাস্তব সম্পদের বিস্তর ফারাক পাওয়া গেছে। যাচাই-বাছাই ও তদন্তের পর দেখা যায়, তার নিকট মোট ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৬৬২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, যা তার দাখিল করা বিবরণীর চেয়ে অনেক বেশি।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তার মোট আয়, ব্যয় এবং সম্পদের হিসাব বিশ্লষণ করে দুদক নিশ্চিত হয়েছে যে, ১ কোটি ৯৯ হাজার ২৫৭ টাকা মূল্যের সম্পদের কোনো গ্রহণযোগ্য উৎস তিনি ব্যাখ্যা করতে পারেননি। এটিই তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত হয়েছে।
পার্বতীপুর উপজেলার উচুটিয়া গ্রামের মৃত গহের আলীর ছেলে এনায়েতুর রহমানের বিরুদ্ধে দুদক দিনাজপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোছা. কামরুন্নাহার সরকার বাদী হয়ে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করেছেন।
মামলার গুরুত্ব বিবেচনায়, তদন্তের ভার দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক মো. নূর আলমকে। এই হাই-প্রোফাইল মামলার তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে বলে আশা করছে দুদক, যা দুর্নীতিবাজদের প্রতি একটি কড়া বার্তা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights