প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অডিট করা হবে : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আর্থিক স্বচ্ছতা ফেরাতে অডিট করা হবে। অডিটের মাধ্যমে আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে।

সোমবার বিকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে পুনর্গঠিত বোর্ড অব ট্রাস্টিসের প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় ‍উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টিসের সদস্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ শহীদুল আলম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

চসিক মেয়র বলেন, ট্রাস্টি বোর্ডের গৃহীত সিদ্ধান্ত মতে, প্রিমিয়ার ইউনিভার্সিটির আর্থিক লেনদেন এবং বর্তমান আর্থিক পরিস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি সিএ ফার্ম দ্বারা অডিট করা হবে। এর মাধ্যমে জমা টাকা এবং খরচের খাতগুলোর সঠিক হিসাব নিশ্চিত করা হবে। তাছাড়া, নতুন ভিসি, প্রোভিসি এবং ট্রেজারার নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির বর্তমান রেজিস্ট্রার সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ট্রাস্টি বোর্ডে বর্তমানে ৯ জন সদস্য রয়েছেন। এদের মধ্যে ৫ জন সক্রিয়ভাবে মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। বোর্ডের বাকি ৪ জন সদস্যের মধ্যে একজন সাবেক মেয়র, যিনি মামলার কারণে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। অন্য দুইজন সাবেক প্যানেল মেয়র যারা নেই। তাদের জায়গায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights