প্রি রায়ের অপেক্ষায় দুই মামলা
নিজস্ব প্রতিবেদক
চব্বিশের গণ অভ্যুত্থানের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিচার শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করে আহতসহ দুজনকে হত্যার ঘটনায় করা মামলাটিও রায়ের অপেক্ষায় রয়েছে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বিরুদ্ধে করা পৃথক দুই মামলা রয়েছে বিচারের শেষ ধাপে (যুক্তিতর্ক উপস্থাপন)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ আমলে গুম-খুন ও চব্বিশের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাড়ে চার শতাধিক অভিযোগ জমা হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে। এসব অভিযোগ যাচাইবাছাই করে এখন পর্যন্ত ৬৫টি মিস কেস (বিবিধ মামলা) দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে তদন্ত শেষে ২৬টি আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে বিচারের জন্য এসেছে। বর্তমানে ২৩ মামলার বিচার চলমান রয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, খুব শিগগিরই বেশ কিছু তদন্ত প্রতিবেদন দাখিল হবে। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। প্রসিকিউশন সূত্রের তথ্য অনুযায়ী, চার মামলায় সাবেক প্রধান শেখ হাসিনাসহ ৫৫ জনকে দণ্ড দিয়ে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২। চলমান মামলাগুলোর আসামি ৪৫০ জনের বেশি। এর মধ্যে ১৬০ জন গ্রেপ্তার, ২৯৩ জন পলাতক, জামিন পেয়েছেন একজন এবং মারা গেছেন এক আসামি। গ্রেপ্তার আসামিদের মধ্যে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ অন্যান্য বেসামরিক ব্যক্তি ৭৪ জন, পুলিশ সদস্য ৬৫ জন, সেনাবাহিনীর সদস্য ২০ জন ও আনসার সদস্য একজন।
ইনুর বিচার শেষ : গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ দিন ঠিক করেন।
যুক্তি খণ্ডনের সময় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান।
রায়ের অপেক্ষায় রয়েছে রামপুরার মামলাও : গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করে আহতসহ দুজনকে হত্যা মামলায় যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। ট্রাইব্যুনাল-১-এ এটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে। মামলার আসামি মোট পাঁচজন। তাদের মধ্যে চারজন পলাতক।
বিচারের শেষ ধাপে আরও দুই মামলা : কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক (আরগুমেন্ট) উপস্থাপন শুরু হয়েছে। একই ট্রাইব্যুনালে আগামী ১৭ মে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা মামলায়।
