প্রেমিকার মোবাইলে হোটেলের ওয়াইফাই সংযোগ, রাগে সম্পর্কচ্ছেদ প্রেমিকের!

অনলাইন ডেস্ক

দু’জনে একান্তে সময় কাটাতে একটা হোটেলে বুক করেছিলেন। কিন্তু কে জানত? এমন সিন্ধান্ত যে তাদের প্রেমের সম্পর্কে ফাটল ধরাবে! হোটেলের ওয়াইফাই সংযোগই যে তাদের সম্পর্কে তিক্ততা তৈরি করবে তা আগে মোটেও বুঝতে পারেনি দুজনে। হোটেলে ঢুকার সঙ্গে সঙ্গে প্রেমিকার ফোনে স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই সংযোগ হয়ে যায়। আর তাতেই বাড়ে প্রেমিকের সন্দেহ। প্রেমিক অভিযোগ করেন, তার বান্ধবী অন্য কারও সঙ্গে এখানে ইতিপূর্বেই সময় কাটিয়েছে বোধহয়! সেই থেকে তর্কাতর্কি আর ঝগড়া। শেষে সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করে হোটেল ছেড়ে বেরিয়ে যায় প্রেমিক।

‘সাউথ চায়না মর্নিং পোস্টে’র প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে চীনে। দক্ষিণ পশ্চিম চীনের চংকিং শহরের একটি হোটেলে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন এক তরুণী। ফোনে পরিচয়পত্র ডাউনলোড করতে গিয়ে তার প্রেমিক লক্ষ করেন, হোটেলের ওয়াইফাই-এর সঙ্গে তরুণীর ফোনটি সংযুক্ত হয়ে গিয়েছে। তরুণী বারবার বলতে থাকেন, এই প্রথম এই হোটেলে তিনি এসেছেন। তাতেও যুবকের সন্দেহের অবসান হয়নি। সন্দেহের জেরে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন। সেই হোটেলেই বিচ্ছেদের ঘোষণা করে চলে আসেন।
পরে বিষয়টি নিয়ে তলিয়ে খোঁজ খবর নেন তরুণী। অনুসন্ধান চালিয়ে দেখা যায়, আগে একই নামে একটি হোটেলে কাজ করতেন এই তরুণী। সেখানকার ওয়াইফাইয়ের নাম-পাসওয়ার্ড তার ফোনে সেভ করা ছিল। পরে যে হোটেলে তিনি ও তার প্রাক্তন প্রেমিক এসেছিলেন, সেই হোটেলের ওয়াইফাইয়ের নাম-পাসওয়ার্ড তরুণীর পুরনো কর্মক্ষেত্রের ওয়াইফাইয়ের সঙ্গে মিলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি প্রেমিককে জানিয়েও ওই তরুণীর কোন লাভ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights