প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে জয়পুরহাটে স্কুল ক্যাম্পেইন

জয়পুরহাট প্রতিনিধি

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা নিয়ে জয়পুরহাটে ‌সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট সদরের দাদরা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম। সঞ্চালনা করেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উপমা সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ও বেলার নেটওয়ার্ক মেম্বার সুজন কুমার মন্ডল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় অফিসার সাইফুল ইসলাম সুমন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বেলার বিভাগীয় অ্যাকাউন্টস অফিসার মতিউল আলম ও সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু। একই সঙ্গে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাকিবুল হাসান, শিনহা আক্তার মিনি ও হাসিব।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও একটি গুরুতর পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নদী-নালা, খাল-বিল, জলাশয়, কৃষিজমি ও নগর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে যেমন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, তেমনি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বক্তারা আরও বলেন, এই সংকট মোকাবিলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। তার পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বাড়াতে হবে। সেই সঙ্গে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

ক্যাম্পেইনের শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও এর প্রতিকার বিষয়ে একটি সচেতনতামূলক তথ্যচিত্র (ভিডিও) প্রদর্শন করা হয়।

এই আয়োজনে দাদরা উচ্চ বিদ্যালয়ের মোট ৫০ শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights