ফজলুর রহমানকে নিয়ে কটূক্তি, আমির হামজাকে লিগ্যাল নোটিশ
কুষ্টিয়া প্রতিনিধি
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ প্রাপ্তির দশ দিনের মধ্যে বক্তব্য সম্পর্কে সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩(সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা।
জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম(নুরুল) নোটিশটি পাঠান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লিগ্যাল নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে দশ দিনের মধ্যে মানহানিকর বক্তব্যর সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে বলা হয়েছে, আমির হামজা জনসম্মুখে বক্তব্য প্রদানকালে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং অপপ্রচার চালিয়েছেন। একজন সংসদ সদস্যকে ফজু পাগলা বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। এমনকি কুকুর মারা ইনজেকশন দেওয়ার কথা বলেছেন। এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
এছাড়া নোটিশে আরও বলা হয়, এসব বক্তব্য ও কর্মকাণ্ডের ফলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানতে চাইলে জাতীয় যুবশক্তি নেতা আই-ইয়াশ ইমন বলেন, ‘অ্যাডভোকেট ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি। একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে মানহানিকর বক্তব্য কাম্য নয়। এই কারণ লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’
এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইল ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।
