ফতুল্লায় মার্কেট দখলে প্রকাশ্যে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় হকার্স মার্কেট দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করা এমরান সাকিবসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দুজন হলেন- নূর মোহাম্মদ হৃদয় (২২) ও জুবায়ের (২০)। তাদের প্রত্যেকের বাড়ি ফতুল্লার বিভিন্ন এলাকায়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। বিস্তারিত জেলা পুলিশ সুপার জানাবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে সাইনবোর্ড শান্তিধারা এলাকায় হকার্স মার্কেট দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় এমরান সাকিবকে প্রকাশ্যে গুলি করতে দেখা যায়। এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights